বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় দীর্ঘদিনের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জানান, ইপিএ-র সফল আলোচনা ও বিমানবন্দর অবকাঠামো খাতে জাপানি প্রতিষ্ঠান সুমিটোমো কনসোর্টিয়ামের আগ্রহ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো মজবুত করবে।
শেখ বশিরউদ্দীন ইপিএ চুক্তি সম্পন্ন হওয়ায় জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ইপিএ চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটা-মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে।
জাপানের রাষ্ট্রদূত জানান, জাপানি কনসোর্টিয়াম সুমিটোমো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজ করতে আগ্রহী। এ বিষয়ে দ্রুততম সময়ে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান।
রাষ্ট্রদূত আরো বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দীর্ঘদিনের অংশীদার হিসেবে কাজ করছে। ইপিএ চুক্তি, বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিফলন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক প্রধান কারাসাওয়া শিনজু এবং সুমিটোমো করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনরি ইয়ামানাকা উপস্থিত ছিলেন।









