বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। গত বুধবার (৬ নভেম্বর) ভিডিও কলে তাঁদের এই আলাপ হয়। ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই অভ্যুত্থানের পর দুই দেশের সেনাপ্রধানের মধ্যে এটাই ছিল প্রথম আলাপ ।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিডিও কল আলাপে দুই দেশের সেনাপ্রধান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছেন।’

bd

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার দায়িত্বে আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি বৈরী মনোভাব পোষণ করেন নয়াদিল্লির অনেকে। অভ্যুত্থানের পরই বাংলাদেশে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় ভারত। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রায়ই ভারত সরকারের সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেখ হাসিনা দুই মাসের বেশি সময় ধরে দিল্লির লুটিয়েন্স এলাকায় অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে তারা ভারতের কাছে ফেরত চাইবে, তবে সেটা তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর।

সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রায় হওয়ার পর ভারতের সঙ্গে করা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আমরা দেশে ফেরত আনার চেষ্টা করব। রায় পাওয়ার আগে আমাদের এ চেষ্টা করার সুযোগ রয়েছে বলে মনে হয় না।’