দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর আগে গত রোববারও ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আটজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ১ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, খুলনা বিভাগে তিনজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন রোগী মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২২৫ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। 

এরপর ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৬, চট্টগ্রাম বিভাগে ১৫০, খুলনা বিভাগে ৯২, বরিশাল বিভাগে ৭৬, রাজশাহী বিভাগে ৩৩, রংপুর বিভাগে ৩১, ময়মনসিংহ বিভাগে ২৪ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চারজন ভর্তি হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।