ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জহিরুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় কালীদহ বাজারে এ ঘটনা ঘটেছে। আহত জহিরুল কালীদহ বাজারের একটি হার্ডওয়ার দোকানের মালিক। তিনি ওই এলাকার আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার বিকালে কালীদহ হাইস্কুল মাঠে দক্ষিণ মাইজবাড়িয়া বনাম কালীদহের যুবকদের একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে মাঠের মধ্যে দুই পক্ষের দুইজন খেলোয়াড়ের ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দক্ষিণ মাইজবাড়িয়া এলাকার যুবকরা কয়েকটি মোটরসাইকেলযোগে অস্ত্রশস্ত্র নিয়ে কালীদহ বাজারে এসে হইচই শুরু করে। এ সময় বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী জহিরুল ইসলাম তাদের কাছে হইচই করার কারণ জানতে চাইলে কে বা কারা তাকে গুলি কে। এতে জহিরুল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, কালীদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।