রাজধানীর রমনার পরিবাগ এলাকায় হিজরাদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত ওই পুলিশ কর্মকর্তার নাম মো. মোজাহিদ। তিনি শাহবাগ থানা কর্মরত আছেন। বর্তমানে তিনি শেরেবাংলা নগর চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এ সময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ উপস্থিতি হলে হিজড়ারা হামলা করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পর একটি ইট  মোজাহিদের চোখে গিয়ে লাগে। মুজাহিদের চোখের চশমার কাচ ভেঙে চোখে মারাত্মকভাবে আঘাত পান। এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা এলাকায়। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি আরো বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে । আরো কয়েকটি অপারেশন লাগবে বলে তিনি জানান। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।