গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় সংঘটিত সহিংসতায় ছয়জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতার দেখানো আসামিরা হলেন, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান জানান, আদালতে হাজির করা ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার দাবি করছি।
আসামিদের আদালতে আনার পর বিএনপি-সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে এবং সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকে ডিম নিক্ষেপ করেন। তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিস্ট’ আচরণের বিচার দাবি জানান।









