বর্তমান সরকারের মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন চার নতুন সদস্য। আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই তাদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে বঙ্গভবনে পৌঁছেছেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, যারা শপথের জন্য ডাক পেয়েছেন তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, ক্ষমতাসীন বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সেখানকার সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথের পরপরই তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া বর্তমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন। এরই মধ্যে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।