রাজধানীর রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। সেখানে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশেল ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এর আগে রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রাখেন।


বাড্ডা থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক মিরাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, শিক্ষার্থীদের অবরোধ কেন্দ্র করে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।