বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) চর্চা, টেকসই নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ইএসজি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, কমিটির সদস্য ও আইসিএমএবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইসিএমএবি থেকে বলা হয়, বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে এটি প্রথম ধরনের বিশেষায়িত ইএসজি উদ্যোগগুলোর একটি। সেন্টারটি ইএসজি বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এর মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের ইএসজি, জলবায়ু ঝুঁকি, টেকসই রিপোর্টিং, সুশাসন ও দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বাংলাদেশে টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গঠনে অবদান রাখার লক্ষ্য রয়েছে।
আইসিএমএবি আশা করছে, ইএসজি সেন্টার জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।










