ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নে এক বৃদ্ধ (৬৫) করোনায় আক্রান্ত হয়েছে। টেস্টে তিনি পজিটিভ হওয়ার পরও বাড়ী ছাড়তে নারাজ। সেজন্য তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বণিক বার্তকে জানান, বুধবার আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি এবং তার বাড়ি ও তার আশেপাশের এলাকাকে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় ওই এলাকাকে লকডাউন করা হয়েছে।
এদিকে ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তিকৃত দুই ব্যক্তি গতকাল বুধবার মারা গেছে। এদের একজন ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আরাফাত হোসেন এবং অন্যজন গাজীপুরের মাওনা এলাকার রাজিব হোসেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানা, করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর এসকে (সূর্যকান্ত) হাসপাতালের আইসোলেশনে থাকা ওই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এখনও ফলাফল পাওয়া যায়নি।










