কুষ্টিয়ায় কৃষকদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে ধানের চারা রোপণ জনপ্রিয় করতে উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার মিরপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ ও কর্তনের একটি পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। গত বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যন্ত্রটি একসঙ্গে ১২টি চারার ট্রে বহন করে ও ছয় লাইনে ধানের চারা রোপণ করা যায়। সনাতন পদ্ধতিতে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে চারজন শ্রমিককে কাজ করতে হয়। এতে কৃষকদের অধিক মজুরি গুনতে হয়। এ যন্ত্র দিয়ে ১ ঘণ্টায় শূন্য দশমিক ৩৫ হেক্টর ধান রোপণ করা যায়। জ্বালানি খরচ ঘণ্টায় দশমিক ৭ লিটার (৭০০ গ্রাম)। যন্ত্রটি ব্যবহার করলে রোপণ খরচ ৫০-৭৫ ভাগ কমানো সম্ভব।

মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ জানান, চলতি মৌসুমে মিরপুর উপজেলায় ৫০ হেক্টর এ যন্ত্র দিয়ে ধান রোপণ করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয়ে সরকার কৃষকদের সহযোগিতা করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস বলেন, জেলায় রাইস ট্রান্সপ্লান্টারের সুফল ও সুবিধা সম্পর্কে কৃষকদের অবগত করা হচ্ছে। কৃষকরাও আগ্রহভরে যন্ত্রটির ভালোমন্দ পর্যবেক্ষণ করছেন।