চারদিন বন্ধ থাকার পর ফেনীতে আবারো ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ সোমবার (২৬ আগস্ট) রাত থেকে সীমিত আকারে ট্রেন চালু করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ১০ কিলোমিটার রেলপথে ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটার রাখা হবে। আগামীকাল থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে পারে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, বন্যার কারণে ফেনীতে রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশের অর্থনীতি ও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সীমিত আকারে ট্রেন চালানো হচ্ছে।

রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই পথের সংস্কার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আপাতত এক লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বণিক বার্তাকে বলেন, বন্যায় রেললাইনের দুই পাশ থেকে পাথর সরে গেছে। ইতিমধ্যে কিছু অংশে সংস্কার কাজ শুরু করেছে প্রকৌশল বিভাগ। তবে পুরোপুরি সংস্কার কাজ শেষ করতে এবং পুরোদমে ট্রেন চালু করতে কিছুদিন সময় লাগবে।

এদিকে, আজ সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে কক্সবাজার স্পেশাল ট্রেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনগুলো নির্ধারিত সময়ে চলাচল করেছে। অনলাইন ও কাউন্টারে আজকের ও আগামীকালের টিকিট বিক্রি শুরু হয়েছে।