টেক্সাসে গতকাল কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে উত্তর আমেরিকার দল মেক্সিকোকে ইনজুরি টাইমের গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওরা জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। ইনজুরি টাইমে গোল করে ব্রাজিলকে জেতান ১৭ বছরের কিশোর এনদ্রিক।
সাভিওর পাস থেকে ফুলহাম মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরার গোলে পঞ্চম মিনিটে লিড নেয় ব্রাজিল। প্রথমার্ধের বিরতি থেকে ফেরার পর দ্রুতই আরেক গোল করে সেলেসাওরা। ৫৩ মিনিটে গোল করেন আর্সেনাল ফরোওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা আনে মেক্সিকো। ৭৩ মিনিটে হুলিয়ান কুইনোনেস ও ৯২ মিনিটে গিলারমো মার্টিনেজ আয়ালা গোল করেন। যদিও চমক তখনো বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে ব্রাজিলকে জেতান এনদ্রিক। তাকে বল জোগান দেন সদ্যই রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ভিনিসিয়ুস জুনিয়র।










