রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কদমতলী থানার ৫৯নং ওয়ার্ডের শ্রমিকদলের (ইউনিট) সাধারণ সম্পাদক ।
আজ বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মোহাম্মদ হাসান জানান, আমার ভাই লাকড়ির ব্যবসা করে। বিকালের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলাগুলির ঘটনায় সে গুলিবিদ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তার বাম পায়ের হাঁটুর উপরে গুলি লেগেছে। জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।










