বাসসেবা চালু না করলে স্কুল বন্ধ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল পরীক্ষামূলকভাবে স্কুল বাস সার্ভিস উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘প্রায়ই দেখা যায় আট থেকে দশজন শিক্ষার্থী ভ্যানে করে স্কুলে যাওয়া-আসা করে। অনেক স্কুলে মাইক্রোবাসে করেও যাওয়া-আসা করতে দেখা যায়। এ ধরনের ভ্যান ও মাইক্রোবাসগুলো অনিরাপদ। ঝুঁকি নিয়ে শিশুরা স্কুলে যাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে তিনটি বাস দিয়ে এটি শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলে এই স্কুল বাস সার্ভিস চালু করা হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষায় যে বিনিয়োগ করছেন, তার সঙ্গে সিটি করপোরেশন যোগ হলে তখন ভিন্নমাত্রা পায়। এই স্কুল বাস সার্ভিস চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন যুগান্তকারী অধ্যায় শুরু করেছে। আমরা অনুরোধ করব বাস সার্ভিসটি শুধু স্কুলভিত্তিক না করে এলাকাভিত্তিক কোনো রুটে পরিচালিত করা যায় কিনা। প্রত্যেকটি বিদ্যালয়ে বাস দেয়া কতটা সম্ভব হবে, জানি না। তবে বাস শেয়ারিংটা যেন হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশপাশের স্কুলের শিক্ষার্থীরা বাস সার্ভিসের সুবিধা পেলে সিটি করপোরেশনের কষ্ট সার্থক হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু সরকারি ও আধা সরকারি স্কুল নয়, বরং যে বিদ্যালয়ে বেশি শিক্ষার্থী নিজস্ব গাড়িতে চড়ে আসে সেই স্কুলগুলোকে মার্ক করতে হবে। পয়সা থাকলেই দামি গাড়িতে করে শিশুদের স্কুলে আনতে হবে এমন মনোভাব থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। হাঁটাপথ হলে হেঁটেই স্কুলে আসার অভ্যাস করতে হবে।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রাথমিকভাবে ডিএনসিসির স্মার্ট স্কুল বাস সার্ভিসে বিদ্যানিকেতন স্কুলের ৪৬০ জন শিক্ষার্থী এরই মধ্যে পাওয়া গেছে। স্কুলটির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী জানুয়ারিতে তিন হাজার শিক্ষার্থী স্কুল বাস সার্ভিসের আওতায় আসবে। এজন্য ২০টি বাস প্রয়োজন হবে। যেখানে অনেকগুলো যানবাহনের মাধ্যমে শিক্ষার্থীরা যাওয়া আসা করত সেখানে ২০টি বাসের মাধ্যমে সার্ভিসটি দেয়া সম্ভব। ফলে যানজট নিরসনের পাশাপাশি কার্বন নিঃসরণ কম হবে, পরিবেশ দূষণ কমবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলা, হাছিনা বারী চৌধুরী ও খালেদা বাহার বিউটি, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।










