পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তিস্তার পানিবণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক। কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।’ সিলেটে গতকাল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল সন্ধ্যায় চার দিনব্যাপী এ সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত ভিসা প্রক্রিয়া সমাধানের পাশাপাশি ভিসামুক্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রত্যাশা করছে দুই দেশ। বাংলাদেশ-ভারতের সম্পর্কের ঐতিহাসিক পদাঙ্ক অনুসরণ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে।’
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের আরো সহযোগিতা প্রয়োজন।’ তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায় এবারো এ সংলাপ শুরু হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে ছয়জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতারা অংশ নিচ্ছেন। সংলাপে অংশ নিতে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধি দল সিলেটে এসেছে।










