স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের রূপকল্প এক যুগান্তকারী পদক্ষেপ। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার (১৭ মার্চ) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল সংযোগ প্রকল্পের আওতায় ‘জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, সজীব ওয়াজেদ জয় রংপুরের কীর্তি সন্তান। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। জয় আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। সুতরাং তার নামে এ ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে নিজেদের দক্ষতার উন্নয়ন করে দেশ বিনির্মাণে আত্মনিয়োগ করবে।

তিনি বলেন, শেখ কামাল আইটি ইনকিউবেশন ট্রেনিং সেন্টার স্থাপনের পাশাপাশি আরো অধিকতর নতুন সেবা দেয়ার জন্য জয় সেট সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নতুন দক্ষ উদ্যোক্তা তৈরি করবে ।

স্পিকার বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় পাঁচ হাজার বর্গফুট বিশিষ্ট একটি ফ্লোরে জয় সেট সেন্টার স্থাপন করা হবে। পীরগঞ্জবাসী এই সেন্টার থেকে তথ্য প্রযুক্তি সেবাসহ বিভিন্ন ধরনের সরকারি ই-সার্ভিস পাবে।

তিনি বলেন, জীবনের বেশিরভাগ সময় অন্ধকার প্রকোষ্ঠে থেকে শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা বিনির্মাণই ছিল জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল,  পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মণ্ডলসহ অনেকে।