কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৪টায় মহাসড়ক অবরোধ করেন তারা। এরই মধ্যে বিকেলে সারা দেশে কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ বেড়ে যায়। এখন পর্যন্ত তাদের আন্দোলন চলছে। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। 


এর আগে আজ বেলা ৩টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন। বেলা ৩টায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে মিছিল নিয়ে বের হন। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটসহ কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান বলেন, আমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেছি। আমরা আমাদের দাবি থেকে সরব না।