দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি বিশেষ টিমের নেতৃত্বে দখল মুক্ত করা হয়েছে টাঙ্গাইলের নাগরপুরের জমিদার বাড়ি। গত সোমবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র কমিশনার উপমা ফারিসা ও নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর নেতৃত্বে নাগরপুর মহিলা কলেজের আটটি ও নাগরপুর শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের দখলে থাকা একটি ভবন উদ্ধার করা হয়।
এসব ভবনে স্কুল-কলেজের শিক্ষকরা তাদের পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ভবনগুলো পরিদর্শন করেন এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ৫ নভেম্বর জেলা প্রশাসনকে অবহিত করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভবন খালি করার জন্য নোটিস প্রদান করেন। নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জেলা প্রশাসকের কাছে সময় চান। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী অফিসার গত ১৬ নভেম্বর পুনরায় নোটিস প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, দুর্ঘটনা এড়াতে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে থাকা লোকজনকে ভবন ছেড়ে দেয়ার একাধিকবার চিঠি দেয়া হয়েছিল। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দুর্ঘটনা এড়াতে ওই ভবনগুলোয় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।










