নওগাঁ ও মৌলভীবাজারে বুধবার পৃথক ঘটনায় পানিতে ডুবে একই পরিবারের তিনজনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :
মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অন্যের চাচাতো ভাই। উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো স্থানীয় শিপার আহমদের মাদ্রাসাপড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসাপড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) ও শাহেব আলীর স্কুলপড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভারি বৃষ্টির কারণে এলাকায় বিভিন্ন স্থানে পানি জমে যায়। বিকালে খেলতে গিয়ে নতুন মাটি কাটা একটি ডোবার গভীর পানিতে তলিয়ে যায় তিন শিশু। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিন শিশুকে মৃত ঘোষণা করেন তিনি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।
নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলা এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মণি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কশব ইউনিয়নের চকবালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া মণি রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা রনির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুর সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় রিয়া। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর তাকে উদ্ধার করে। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










