ঈদুল
ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে
(বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একইভাবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাসবির শিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এরপর দুই বাহিনীর পক্ষে তারা পরস্পরের মধ্যে কুশল বিনিময় করেন এবং সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার
দেলোয়ার হোসেন বলেন, ‘আজ ঈদুল ফিতর। সে উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের
পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল বাংলা
নববর্ষ, সে উপলক্ষেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময়
বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে আমাদের শুভেচ্ছা জানানো হয়।’
তিনি
আরো বলেন, ‘সীমান্তে দুই বাহিনীর মাঝে যেন সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায়
থাকে এবং বিরাজমান সম্পর্ক যেন আরো জোরদার হয়; সে লক্ষ্যে প্রতি বছর দুই দেশের বিভিন্ন
জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে পরস্পরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী
উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ রেওয়াজ চলে আসছে।’









