ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর গোলকনগর গ্রামে দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন একই গ্রামের কোরবান আলী (৫৯), উম্বাত
আলী (৫৫), মামুন
হোসেন (১৬), ইউনুস
আলী (৩৫), শিপন
হোসেন, গফুর মোল্লা (৪৫), আব্দুল
মজিদ (৫০), রহিম
মোল্লা (৫৫), নজির
মোল্লা (৫২) ও রাশেদ আলী (২৭)। বাকিদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, চর গোলকনগর গ্রামে রোববার সন্ধ্যায় ইউনুস মণ্ডলের চায়ের দোকানে সেলফোন রেখে বাড়ি চলে যান একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে সেলফোন নিতে এলে ইউনুস তা নিজের দাবি করেন। এ নিয়ে ওইদিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে গতকাল আবারো উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম।









