গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে দুই গ্রামের অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। বেশকিছু গবাদিপশুকেও কামড়ে আহত করেছে। গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া, ভাল্লুকবের এলাকায় এসব ঘটনা ঘটে। বাসিন্দারা জানান, গত বুধবার বিকালে হঠাৎ গ্রামের বিভিন্ন স্থানে শিয়ালগুলো বিভিন্ন গবাদিপশুকে আক্রমণ করতে শুরু করে। গতকাল সকালে সড়কের বিভিন্ন স্থানে পথচারী ও গ্রামের কর্মজীবী মানুষকে কামড়াতে শুরু করে। এতে পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষায় গ্রামবাসী একত্রিত হয়ে তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে। কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, কালিয়াকৈরে শিয়ালের কামড়ে ২০ জন মানুষ আহতের কথা জানতে পেরেছি। তাদের মধ্যে আমরা এ পর্যন্ত ১১ জনকে চিকিৎসা দিয়েছি। পর্যাপ্ত ভ্যাকসিন আছে। গুরুতর আহতদের জন্যও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।