রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় ৬ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম বলেন, মোহাম্মদপুরের ৩৬/এ জহুরি মহল্লায় একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলার বাসাবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, আমরা বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ আগুনের খবর পাই। ৩টা ৫৫ মিনিটে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৪টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোনো হতাহত নেই জানিয়ে তালহা বিন জসিম বলেন, আগুন পুরোপুরি নির্বাপণ না হলে এর সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাবে না।