মানিকগঞ্জের সিংগাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর (খণ্ডপাড়া) গ্রামের মৃত শেখ সিদ্দিকের ছেলে শেখ মাসুদ (৩৮) ও তার স্ত্রী রেখা (৩৩)।
গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের ওয়াইজনগর থেকে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টনের মধ্য থেকে এক নারীর অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্লুলেস হত্যা মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ।
আসামি মাসুদ নিজে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি ও তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত চাকু ও মারজিয়ার ব্যবহূত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিঃসন্তান মারজিয়া ছয়/সাত বছর আগে তার স্বামীকে ডিভোর্স দেন। ডেন্টাল হাসপাতালে কাজ শেখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে থাকতেন। মারজিয়ার স্বজনে সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক ছিল না। এ সুযোগে মাসুদ তার টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। গুম করার জন্য মাসুদ ও তার স্ত্রী রেখা মারজিয়ার মরদেহ প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যায়।









