বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে গেল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ই-পাসপোর্টধারীদের জন্য বেনাপোল বন্দরে অতি প্রয়োজনীয় ইলেকট্রনিক গেট বা ই-গেট স্থাপন করা হয়েছে।
গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে ই-গেট উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশন শেষ করতে ভোগান্তির মুখে পড়তে হতো, এখন মাত্র ১৮ সেকেন্ডেই ই-পাসপোর্টধারী নাগরিকরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি না থাকায় ই-পাসপোর্ট ব্যবহার করে সহজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পেরে খুশি তারা।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ-সাত হাজার মানুষ পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করছে। ঈদ ও পূজার সময় এ সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যায়। যাত্রীদের ইমিগ্রেশনে কাগজপত্র যাচাই-বাছাই করতে দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে যাত্রী ভোগান্তি বাড়ে। লাইনে না দাঁড়িয়ে আগে ইমিগ্রেশন কার্যক্রমের সুযোগ করে দেয়ার কথা বলে দালাল চক্র যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা লেনদেন করে। এতে যাত্রীরা প্রতারণা ও হয়রানির শিকার হয়। যাত্রীসেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে চারটি ই-গেট স্থাপন করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ‘এ কার্যক্রম পরিচালনার জন্য কর্মীদের এরই মধ্যে প্রশিক্ষিত করা হয়েছে। এ সেবা চালুর মধ্য দিয়ে ১৮ সেকেন্ডের মধ্যে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করা হচ্ছে।’










