নারায়ণগঞ্জের কাঁচপুরে ২৮ কোটি টাকা ব্যয়ে ১২ বিঘা জমির ওপর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত টার্মিনালটিকে আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুত করা হবে।

গতকাল সকালে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসি, কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পরিবহনসংশ্লিষ্ট নেতারা।

মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, ‘১৯৮৪ সালে সায়েদাবাদ বাস টার্মিনাল নির্মাণের পর আর কেউ ঢাকায় বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়নি। যে কারণে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নেই। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই ঢাকার বাইরে সওজ বিভাগের জায়গায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।’

নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসি জানান, এ টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১ হাজার যাত্রীবাহী বাস চলাচল করবে। এ বাসগুলো ঢাকায় বাইরে চলে এলে রাজধানীর যানজট অনেকাংশে কমবে।