মেরামতের কাজ শেষ হলে গতকাল রাতেই রোম থেকে উড়োজাহাজটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা এবং সবকিছু ঠিক থাকলে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকায় ফিরবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান সূত্রে জানা গেছে, রোমে আটকে থাকা এস২-এজেওয়াই উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের জন্য প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে বিজি-৩০৫ ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় বেলা ১টা ৫৩ মিনিটে ঢাকা ছেড়েছে। প্রকৌশলী দল রোমে পৌঁছার পর পরই উড়োজাহাজটির মেরামতকাজ শুরু করার কথা রয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, রোমে কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি আটকে পড়ার পর সেটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যাওয়া ফ্লাইটটির স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছার কথা। পরিকল্পনা অনুযায়ী ত্রুটি মেরামত করা সম্ভব হলে গতকাল রাত ১০টার দিকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা। সেক্ষেত্রে আজ সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটির ঢাকায় পৌঁছার সম্ভাবনা রয়েছে।
এর আগে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ৮ ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। পরে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন।
এদিকে রোমে আটকে পড়া যাত্রীদের থাকা ও খাবারের ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, বিমানের পক্ষ থেকে শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। অন্য যাত্রীদের ফিউমিচিনো বিমানবন্দরের ‘প্রিমা ভিস্তা’ নামের একটি লাউঞ্জে রাখা হয়েছে। সেখানে অবস্থানরত কয়েকজন যাত্রী অসুস্থ বোধ করার কথাও জানিয়েছেন।
বিজি-৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। প্রায় ৮ ঘণ্টা উড্ডয়নের পর কারিগরি ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটির গন্তব্য পরিবর্তন করে রোমে জরুরি অবতরণ করানো হয়। এরপর থেকেই উড়োজাহাজটি ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থান করছে।










