চতুর্থ দিনের মতো রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।

মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সংঘর্ষ চলতে থাকায় ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। বর্তমানে এ স্টেশনে কোনো ট্রেন থামছে না। যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। গত কয়েকদিন মতো আজও আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ হচ্ছে।