ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এসময় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়েছে। সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভের কারণে সাভারের আশুলিয়ায় ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে চন্দ্রা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এছাড়া গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎ এলাকাতেও বিক্ষোভ করে সড়ক অবরোধ করতে দেখা গেছে শ্রমিকদের।
গাজীপুরের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সাঁজোয়া যান ও জলকামান নিয়ে শ্রমিকদের অবরোধ তুলে দেয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আশুলিয়ার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তেও দেখা যায়।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে আশুলিয়ার ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম।
আজ বেলা ১১টার দিকে তিনি বলেন, ‘সব কারখানাই খোলা ছিল। পরবর্তী সময়ে শ্রমিকরা বের হয়ে যাওয়ায় এখন পর্যন্ত আনুমানিক ৬০টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নরসিংহপুর, নিশ্চিন্তপুরে কোনো রাস্তাই অবরোধ করতে পারেনি। পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে সব রাস্তা চলমান রেখেছি। কেউ রাস্তা অবরোধ করতে পারেনি।’










