ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতা এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব এবং ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘রোবো ফেস্ট-২০২৬’। জামালপুরে ‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের জন্য রোবোটিকস ও আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়।
এই ফেস্টে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ এরিয়াল রোবোটিকস, ইউআইইউ রেসকিউ রোভার এবং ইউআইইউ মেরিনারসহ বিভিন্ন রোবট ও প্রযুক্তিনির্ভর প্রকল্প। এতে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রদর্শনীতে সিএআইআর সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল তিনটি ক্ষেত্রে রোবোটিকস প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গ্রাউন্ড রোবোটিকসের আওতায় মার্স রোভার ও রেসকিউ রোভার, মেরিন রোবোটিকসের আওতায় ইউআইইউ মেরিনার এবং এরিয়াল রোবোটিকসের বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম প্রদর্শন করা হয়। শিক্ষার্থী এবং দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি দেখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপ্রণালি ও ব্যবহারিক দিক সম্পর্কে জানার সুযোগ পান।
উল্লেখ্য, ইউআইইউর মার্স রোভার দল ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম রিকগনিশন’ পুরস্কারও অর্জন করে। এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, ইউআইইউর এরিয়াল রোবোটিকস দল ‘স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশী দল হিসেবেও দলটি বিশেষ পরিচিতি লাভ করেছে।
রোবো ফেস্ট-২০২৬ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। একইসঙ্গে রোবোটিকস, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রকৌশল নকশা সম্পর্কে তাদের হাতে-কলমে বাস্তব ধারণা দেয়ার প্রচেষ্টা।— সংবাদ বিজ্ঞপ্তি










