গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা অব্যাহত রয়েছে। তবে বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, কিছু দুষ্কৃতকারী কারখানায় হামলার চেষ্টা করতে পারে। উৎপাদন ব্যাহত করতে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কোনো মহল উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমনের পাশাপাশি উসকানিমূলক তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

কিছু গার্মেন্টস কারখানা এখনো বন্ধ এবং শ্রমিকরা রাস্তায় অবস্থান করছেন— সাংবাদিকদের এমন তথ্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা হবে। কিছু কিছু দুষ্কৃতকারী হয়তো হামলা করতে চাচ্ছে। কারণ শ্রমিকদের দাবি-দাওয়া যা ছিল, আমরা সেটা পূরণ করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে, তারা সন্তুষ্ট হয়েছে।’

তিনি বলেন, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনগুলোর নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গে আগের দিন আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবাই এতে সন্তুষ্ট হয়েছেন। ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে। সেখানে শ্রমিকরা দর-কষাকষি করতে পারবেন।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলাপ-আলোচনা বোর্ডেই হবে। এখন নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

এর আগে কিছু জায়গায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এসব ঘটনা শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদের ভাষ্য, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কোনো কোনো মহল উসকানি দিচ্ছে, যাতে গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

অস্থিরতা মোকাবেলায় গোয়েন্দা তৎপরতার ঘাটতি ছিল কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং হীন স্বার্থ চরিতার্থ করতে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের তৎপরতা কঠোর হাতে দমন করা হবে।

কারখানা বন্ধের জন্য কেউ উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।