টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের আগের রাতে মেয়ে বাসা থেকে ‘পালিয়ে’ যাওয়া ক্ষোভে আত্মহত্যা করেছেন তার বাবা। গতকাল সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে ঘাটাইলের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, সাথী আক্তার (১৬) নামের মেয়েটি মাটিআটা দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল। তার সঙ্গে একই গ্রামের কলেজ ছাত্র মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন সাথীর বাবা জাহাঙ্গীর আলম। বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে সম্পর্কের কথা অস্বীকার করেন মেয়ে সাথী। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দিতে উঠেপরে লাগেন। এসময় কোনো পছন্দ আছে কিনা তা মেয়ের কাছে জানতে চান বাবা জাহাঙ্গীর। কোন পছন্দ নেই এবং পরিবারের মতামতেই বিয়ে করবেন বলে জানান সাথী।
সম্মতি পেয়ে বাবা জাহাঙ্গীর একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় ২ নভেম্বর সোমবার। কিন্তু বিয়ের ঠিক আগের রাতেই প্রেমিকের সাথে পালিয়ে যায় সাথী। লজ্জায় আর ক্ষোভে বাড়ির পাশে কাঠাঁল গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বাবা জাহাঙ্গীর।
স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী বলেন, মেয়ের এমন ঘটনার কারণেই লজ্জায় ক্ষোভে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি। এদিকে ছেলে এবং মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় পরিবার।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আরিফুল হাসান বলেন, এ ঘটনায় কেউ মামলা করেননি, অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।










