মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা। এর আগে বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ভাঙ্গা থানা থেকে আটক করে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে মো. হৃদয় নামে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় ওসি শফিকুল ইসলামের নাম উঠে আসে। মামলাটি বর্তমানে গাজীপুর ডিবির তদন্তাধীন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে হবিগঞ্জ মডেল থানার একটি মামলায়ও তিনি অভিযুক্ত। ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা শহরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে পুলিশের ১৮ সদস্যসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শফিকুল ইসলামের নাম চতুর্থ আসামি হিসেবে উল্লেখ রয়েছে।










