কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় এক শিশু এবং সাতক্ষীরায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুমিল্লা: গতকাল সন্ধ্যায় লাকসাম থেকে একটি বাস চৌদ্দগ্রাম যাচ্ছিল। পথে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ির সামনে ইউটার্নে নাঙ্গলকোটগামী সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ হয়। সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক মাহবুবুল হক জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে নাঙ্গলকোটগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার পেছনে ধাক্কা দেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি হেলাল উদ্দিন আহাম্মদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।
ঢাকা: রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় মো. আরাফ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন স্বজনরা। গতকাল সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আরাফ রামপুরার বনশ্রী এলাকার আজাহারুল ইসলামের ছেলে ছিল। সে বনশ্রী এলাকায় স্পেশাল প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করত।
সাতক্ষীরা: ট্রাকচাপায় আব্দুল আলিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন আব্দুল আলিম। একপর্যায়ে তুজুলপুর এলাকায় একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আলিম।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










