যশোর জেলায় এক কোটি খেজুর বীজ বপন করবে জেলা প্রশাসন। বৃক্ষরোপণ অভিযান ও খেজুর রস এবং গুড় শিল্প রক্ষায় চলতি বর্ষা মৌসুমে এ বীজ বপন করা হবে। পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপণেরও উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকে বৃক্ষরোপণ অভিযান শুরুর কথা রয়েছে।

গতকাল বিকালে প্রেস ব্রিফিংয়ে খেজুর বীজ বপন ও চারা রোপণ কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। যশোর কালেক্টরেট সনেট সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান জানান, নির্বিচারে বৃক্ষনিধন এবং রস সংগ্রহ ও গাছিদের আগ্রহ কমে যাওয়ায় খেজুর গুড়ের শিল্প হুমকির মুখে পড়ে। জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগে এরই মধ্যে শিল্পটির সুদিন ফিরতে শুরু করেছে। সম্প্রতি যশোরের খেজুর গুড়ের জিআই সনদও পেয়েছে। কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এরই মধ্যে এক কোটি খেজুর বীজ ও উপজেলাভিত্তিক নির্ধারিতসংখ্যক চারা সংগ্রহের কাজ চলমান। আটটি উপজেলার মধ্যে অভয়নগরে ৩০ লাখ এবং বাকি সাতটি উপজেলার প্রতিটিতে ১০ লাখ করে বীজ বপন করা হবে।