আগামী বাজেটে মূল্যস্ফীতি রোধে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির সমস্যা রয়েছে, বাংলাদেশ সেগুলোর বাইরে নয়। কৃষিজাত পণ্য ও খাদ্যনিরাপত্তার জন্য সার, বীজ ও সেচের বিদ্যুতে সর্বোচ্চ ভর্তুকি দেয়া হয়। খাদ্যনিরাপত্তার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে।’

গতকাল ঢাকায় পিকেএসএফ আয়োজিত ‘প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস)’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব প্রস্তুতি নেয়া হয়েছিল। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগপূর্ব প্রস্তুতিতে বিশ্বে রোল মডেল। দেশের দক্ষিণ অঞ্চলের কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। আগামী বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে।’

পিকেএসএফের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নড হ্যামেলিয়ার্স। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের প্রকল্পের বিষয়ে উপস্থাপন করেন।