সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বারবার বলি, সাহস থাকলে আসেন না একটা নিরপেক্ষ নির্বাচন করেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। এ সরকারের শাসনকালে দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচনেই প্রহসন হয়েছে। এরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে একটা দানব সরকার সবকিছু ধ্বংস করেছে।’ 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নিজেদের সংগঠিত করার চেষ্টা করছি। জেল খাটছি। আমরা বারবার জেলে যাচ্ছি, কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এ চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে, নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে দূর করে ফেলতে হবে। সবাই মিলে একসঙ্গে এক জোটে নামতে হবে। কারণ এটা বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা। এটা জাতির সমস্যা, এ জাতি ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটাই নির্ভর করছে এ সরকারকে আমরা শান্তিপূর্ণভাবে পরাজিত করতে না পারা পর্যন্ত।’