ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীসেবা নিশ্চিতকরণে গৃহীত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
ঘাট পরিদর্শনকালে আজ সকালে প্রতিমন্ত্রী শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর এবং শিমুলিয়া-বরিশাল নৌপথে তিনটি যাত্রীবাহী লঞ্চ চলাচলের উদ্বোধন করেন। লঞ্চগুলো চূড়ান্ত গন্তব্যে পৌঁছার আগে একাধিক ঘাটে থামবে।
এ সময় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে যাত্রীদের ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরো তৎপর হওয়ার আহ্বান জানান।










