ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ও গতকাল সকালে শহরের আরাপপুর ও সদর উপজেলার হলিধানী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত থেকে সকাল পর্যন্ত আরাপপুর মাস্টারপাড়া, উকিলপাড়াসহ বিভিন্ন স্থানে একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে তা শহরের বাইরে চলে যায়। এছাড়া সদর উপজেলার হলিধানী এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
চিকিৎসাধীন আরাপপুর এলাকার রহিমা খাতুন বলেন, আমি গতকাল সকালে হাঁটতে বের হই। এ সময় একটি কুকুর এসে কামড়াতে শুরু করে। পরে শুনেছি, রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে কুকুরটি।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার জানান, হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা এসেছিলেন। কয়েকজনকে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছে।









