ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শোক দিবসের খাবার বিতরণ নিয়ে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকালে উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভা অনুষ্ঠিত হওয়ার পর খাবার বিতরণ চলছিল। এসময় নরদহি গ্রামের ইরাদ হোসেন খাবার বিতরণ করছিলেন। হঠাৎ দরবেশ আলী নামে এক আওয়ামী লীগ নেতা খাবারের হাড়ি নিয়ে চলে আসতে চায়। এ নিয়ে ইরাদ হোসেন দরবেশ আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে রঘুনাথপুর এলাকার মিরাজ হোসেন ইরাদ হোসেনকে মারধর শুরু করেন। এসময় দুইপক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এতে ছয়জন আহত হয়েছেন।
ইরাদ হোসেন জানান, খিচুড়ি বিতরণ নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এর বেশি কিছু না। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, শোক দিবসের খাবার বিতরণ নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে দুই পক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, এ ঘটনায় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।









