সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন,  আমাদের দেশ গৃহহীন কিংবা চিকিৎসাহীন থাকবেনা। আমরা সবাই সমান। সবাই সমঅধিকার ভোগ করবো। সবার অংশগ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জে পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, অবহেলিত, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, নিগৃহীতা ও প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রনালয়। এতে করে সবার সামাজিক অধিকার নিশ্চিত হচ্ছে।

সিআরপির প্রশংসা করে আশরাফ আলী খান বলেন, সিআরপি দাতব্য সংস্থা হিসেবে দেশবাসীর কাছে অধিক পরিচিত। তারা সমাজের পক্ষাঘাতগ্রস্থ মানুষের সেবা করতে সরকারের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, এখন সারাদেশে ব্যাংকিং এর মাধ্যমে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতাসহ সব ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এখন আর কাউকে পরিবারের বোঝা ভাবার সুযোগ নেই।

সিআরপি'র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  সংস্থাটির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি এ টেইলর, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, বাংলাদেশ ইউএনডিপি সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

এ সময় প্রায় অর্ধশতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।