বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে দেশজুড়ে সীমান্ত ও সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২টি ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং চোরাচালান ও অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে ৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ১৫টি শাড়ি, ৩ হাজার ২৫২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৯ হাজার ৫৫১টি তৈরি পোশাক, ১ লাখ ৮৯ হাজার ১৮টি কসমেটিকস সামগ্রী, ১৭ লাখ ৫৪ হাজার ৫৪৩টি আতশবাজি, ৭ হাজার ৪৬৪ ঘনফুট কাঠ, ৭ হাজার ৩১৬ কেজি চা পাতা, ৪ হাজার ২৭০ কেজি সুপারি, ১ লাখ ১ হাজার ৭৭৬ কেজি কয়লা, ১ লাখ ৭৪ হাজার ৮৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেটসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৪৯৭টি মোবাইল ফোন, ১ হাজার ৮৬৫টি মোবাইল ডিসপ্লে, ৪১ হাজার ১৬২টি মোবাইল যন্ত্রাংশ, ১৫ হাজার ৫৬টি বৈদ্যুতিক সামগ্রী, ২২ হাজার ৬১২টি চশমা, ৫২ হাজার ৭৩৬ কেজি জিরা, ৪ হাজার ২৮৫ কেজি রসুন, ১৮ হাজার ৭৯৮ কেজি চিনি, ১০ হাজার ২২৪ কেজি সার, ১১ লাখ ৪১ হাজার ১৬৯টি চিংড়ির পোনা, ৩ হাজার ২৮২ লিটার ভোজ্য তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল, ২ হাজার ২৭৬ প্যাকেট কীটনাশক, ৫ লাখ ৯১ হাজার ৪১৯টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ৬৯৪ কেজি বিভিন্ন প্রকার বীজ জব্দ করা হয়েছে।
অভিযানে ১ হাজার ২৩৯টি যানবাহনের যন্ত্রাংশের পাশাপাশি ১১টি ট্রাক বা কাভার্ড ভ্যান, পাঁচটি পিকআপ, তিনটি প্রাইভেটকার বা বাস, তিনটি ট্রাক্টর, ২০টি ট্রলি বা মাইক্রোবাস, ৬৮টি সিএনজি, ইজিবাইক বা অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেল এবং ৫৩টি বাইসাইকেল বা ভ্যানও জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে আটটি দেশী-বিদেশী পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, দুটি মাইন, ছয়টি গ্রেনেড এবং ছয়টি অন্যান্য অস্ত্র।
গত মাসে মাদকবিরোধী অভিযানে ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২টি ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, ৩৯৫ লিটার বাংলা মদ, ৩ হাজার ২৬৮ ক্যান বিয়ার, ১ হাজার ৭১০ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১ লাখ ৮৪ হাজার ৬৩৩টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২৪ হাজার ২০১ বোতল বিভিন্ন ধরনের সিরাপ এবং ৮২ হাজার ৭১৫টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ওষুধ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি আরো জানায়, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশী, একজন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।










