ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে সকাল ১০টায় এ মিছিল শুরু হয়।

জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মিছিলে হাজারো মানুষ অংশ নেন। এতে শিশু, নারীসহ বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মিছিল

ঈদ উপলক্ষে রাজধানীতে তিনদিনব্যাপী উৎসবের অংশ হিসেবে এ বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আকর্ষণ হিসেবে রাখা হয় সজ্জিত হাতি-ঘোড়া এবং বাজানো হয় ঢোল-তবলা। মিছিলটি হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে গিয়ে শেষ হয়।

ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬ এ আয়োজন করে। এতে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।