চুয়াডাঙ্গায় আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা, ডাকাতিসহ ১৪ মামলার আসামিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ধামরাই থেকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন গতকাল সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সম্মেলনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১৬ অক্টোবর বেলা ১১টার দিকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে কোর্ট কাস্টডিতে নেয়ার সময় গোপালগঞ্জের মুকছুদপুর উপজেলার জলিরপাড় আশ্রয়কেন্দ্রের মরহুম ফজল শেখের ছেলে ১৪ মামলার আসামি আজিজুল শেখ ওরফে আশিকুল ওরফে আশিক (৩৯) হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর কোর্ট পরিদর্শক কে.এম. জাহাঙ্গীর কবীর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
মামলার পর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামি আশিককে বৃহস্পতিবার সন্ধ্যার আগে ঢাকার ধামরাই থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।









