বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করলেন তরুণ পর্বতারোহী বিকাশ বর্মণ। নেপালের তিন বিখ্যাত শৃঙ্গ— মেরা পিক (৬,৪৭৬ মিটার), আইল্যান্ড পিক (৬,১৬০ মিটার) এবং লবুচে ইস্টে (৬,১১৯ মিটার) সফলভাবে লাল-সবুজ পতাকা স্থাপন করেছেন তিনি।

১৫ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে বিকাশ মেরা পিকের চূড়ায় পৌঁছান। এর আগে, গত ৪ নভেম্বর লবুচে ইস্ট এবং ৭ নভেম্বর ভোরে আইল্যান্ড পিক সামিট করেন তিনি। বিকাশের এ অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেছে অল্টিচিউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব।

বিকাশ যে তিনটি শৃঙ্গ আরোহণ করেছেন, তার প্রতিটিরই আছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য। মেরা পিক নেপালের সর্বোচ্চ ট্র্যাকিং পিক। এই শৃঙ্গ থেকে এক নজরে দেখা যায় পৃথিবীর পাঁচটি ৮ হাজার মিটারের পর্বত—এভারেস্ট, লোৎসে, চো-ওইউ, মাকালু ও কানচনজঙ্ঘা। আইল্যান্ড পিক—এভারেস্ট অঞ্চলের অন্যতম জনপ্রিয় প্রশিক্ষণমূলক শৃঙ্গ। এই পর্বতে আরোহণ করে এভারেস্টে আরোহণ করার অনুভূতি পাওয়া সম্ভব, যাকে এভারেস্ট আরোহণের প্রশিক্ষণ বলা যায়। আর লবুচে ইস্ট এভারেস্ট বেসক্যাম্প সংলগ্ন একটি শৃঙ্গ, যেখান থেকে খুম্বু হিমবাহ ও এভারেস্টের মনোমুগ্ধকর দৃশ্য একেবারে কাছ থেকে দেখা যায়।

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একই অভিযানে তিনটি ৬ হাজার মিটারের শৃঙ্গ জয় এই প্রথম। বিকাশ বলেন, ‘আমার জন্য এটা শুধু পাহাড়ে ওঠা নয়, এটা আমার সীমা ভাঙার চেষ্টা। আমার তরুণ বন্ধুদের আমি দেখাতে চাই, পথ যতোই বিদৎসঙ্কুল হোক, ইচ্ছাশক্তিই আসল।’