আলোচিত প্রার্থীদের মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন শিবির সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার সকালে তিনি ভোট কেন্দ্রে এসে নিজের ভোট প্রদান করেন। এ সময় সাংবাদিকদের দেখে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি।

ছবি : কাজী সালাহউদ্দিন রাজু
এর আগে, গতকাল রাতে সব শিক্ষার্থীকে ভোটকেন্দ্রে যাওয়ার এবং যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
রাত ১০টার দিকে নিজের ফেসবুকে এ পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায়, সবচেয়ে বড় আয়োজন ডাকসু নির্বাচন।সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।’
ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদের ২৮টি, হল সংসদে ১৩টি পদ।










