স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এ দেশের জনগণ, এ দেশের মানুষ শুধু একটাই কথা বলে, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনা থাকবেন ততদিন এ দেশ আলোকিত হয়ে থাকবে। আগামী নির্বাচনে আমি মনে করি দেশের মানুষ ভুল কিছু করবে না।’ নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় গতকাল আওয়ামী লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ভালো কাজ করেছে বলেই আজকে এখানে মানুষের ঢল নেমেছে। আগামী নির্বাচনে দেশের মানুষ আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করবে।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ এসে বুঝতে পারলাম নৌকার বিকল্প কিছু নেই। বোমা মেরে শামীম ওসমানকে উড়িয়ে দিতে চেয়েছিল। সেই ষড়যন্ত্রের কথা কেউ ভোলেনি। ২১ আগস্ট শেখ হাসিনাকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল। কেউ ভোলেনি। এ ধরনের নৃশংসতা, এ ধরনের হত্যাকাণ্ড কোনো সভ্য দেশে হতে পারে—কেউ বিশ্বাস করে না।’










