পঞ্চগড়ে ট্রাকের চাকায় হাওয়া ভর্তি করার সময় হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন হতাহত হয়েছেন। মৃত্যু হয়েছে ট্রাক চালকের। আহত হন হাওয়া মেশিনের দোকান মালিক ও তার কর্মচারী।
হতাহতের শিকার ব্যক্তিরা হলেন- ট্রাক চালক মামুন (২৮), দোকান মালিক রবিউল ইসলাম (৩০) ও কর্মচারী নাজমুল হোসেন (১৬)। এদের মধ্যে রবিউল ভজনপুরের ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে ও নাজমুল পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের মোকলেছ হোসেনের ছেলে।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের দুর্ঘটনাটি ঘটে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









