বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না এবং এমন রাজনীতিকে তারা সমর্থন করে না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরভূতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। বেহেশত বা পরকাল সম্পর্কে রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর প্রচারণা গ্রহণযোগ্য নয়। কোনো দল মানুষের পরকালের নিশ্চয়তা দিতে পারে না; প্রত্যেকের নিজস্ব আমল, আচরণ ও নৈতিকতার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি এমন একটি দল যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। আমরা প্রত্যেকে যদি ইমান, আমল এবং নৈতিকতা ঠিক রাখি, তাহলে আল্লাহই আমাদের ভালো প্রতিদান দেবেন।
এ্যানি বলেন, ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে মেনে চলা এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব। বিভ্রান্তিকর বক্তব্য বা প্রচারণায় কেউ যেন প্রভাবিত না হন, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি বেগমসহ স্থানীয় নেতারা।









